নীরব হৃদয়ের আত্মিক জাগরণ
- আপডেট সময় : ০১:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৭৯ বার পড়া হয়েছে

জীবনের ব্যস্ততা, চারপাশের কোলাহল আর পৃথিবীর প্রতিনিয়ত পরিবর্তনের মাঝে হারিয়ে যায় আমাদের নিজের ভেতরের সেই গভীর অনুভব-যাকে বলে আত্মিক উপলব্ধি। এ এক নিঃশব্দ আলো, যা দেখা যায় না চোখে, কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীরে।
আত্মিক উপলব্ধি মানে শুধু ধর্মীয় অনুশাসন নয়, বরং নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করা। প্রশ্ন করা-আমি কে? কেন বাঁচি? আমার জীবন কী উদ্দেশ্য নিয়ে চলছে? এই প্রশ্নগুলো যখন অন্তর থেকে উঠে আসে, তখনই জন্ম নেয় আত্মিক উপলব্ধি।
আমি একদিন একলা বিকেলে আমার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান নাথের পেটুয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা-এর মাঠে বসে ছিলাম। মাঠটি সবুজ না হলেও, চারপাশের নিরবতা, দূরের গাছের ছায়া, আর মৃদু বাতাস আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। হঠাৎই মনে হলো, জীবন কেবল পড়াশোনা বা দায়িত্ব নয়—এর মধ্যে আরও কিছু আছে, যা অনুভব করতে হয় হৃদয় দিয়ে। সেই মুহূর্তে আমার ভেতরে এক ধরনের আলো জ্বলে উঠেছিল। কোনো শব্দ ছিল না, কিন্তু মনে হচ্ছিল আমি যেন নিজের আত্মাকে ছুঁয়ে ফেলেছি। এই অনুভবটাই ছিল আমার আত্মিক জাগরণ।আত্মিক উপলব্ধি মানুষকে শান্ত করে, অহংকার ভাঙে, মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। যে নিজের ভেতরের সঙ্গে মিল খুঁজে পায়, সে-ই অন্যদের ভালোবাসতে শেখে। কারণ আত্মিক জগৎ শান্ত হলে বাইরের জগৎও সুন্দর হয়ে ওঠে।
আমরা যদি প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলি, হৃদয়ের গভীরতা ছুঁয়ে দেখার চেষ্টা করি, তবে হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলবে। আত্মিক উপলব্ধি হলো সেই অনন্য অভিজ্ঞতা—যা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।
নাম: মো: আবদুল্লাহ
অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান: নাথের পেটুয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
ঠিকানা: ঘোড়াময়দান, নাঙ্গলকোট, কুমিল্লা।









