এখন পর্যন্ত কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ভোটের হালচাল
- আপডেট সময় : ১২:০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬; কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে ভোটাররা দল বেঁধে কেন্দ্রে আসতে শুরু করেছেন। সাধারণ ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উপজেলার উত্তর হাওলা, বিপুলাসার, নাথেরপেটুয়া, এবং লক্ষণপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন নজর কেড়েছে। অনেক প্রবীণ ভোটারকে স্বজনদের সহায়তায় কেন্দ্রে আসতে দেখা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এছাড়াও এই আসনে ছোট-বড় আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়দের মতে, এবার ভোট উৎসবমুখী হওয়ার প্রধান কারণ প্রতিটি দলের এজেন্টদের কেন্দ্রে নির্বিঘ্ন উপস্থিতি।
মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বিজিবি ও পুলিশের টহল টিম অবস্থান করছে। প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, মনোহরগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি।
বিকেল ৪:৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে গণনা।









