নাথেরপেটুয়া মডেল স্কুলে ২০২৬ সালের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২৭৯ বার পড়া হয়েছে

নাথেরপেটুয়া মডেল স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়।
নাথেরপেটুয়া মডেল স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার মান, শৃঙ্খলা ও ফলাফলের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। পূর্বের ন্যায় এ বছরও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করেছে।
২০২৬ শিক্ষাবর্ষে তিনজন শিক্ষার্থী গোল্ডেন এ-প্লাস অর্জন করায় তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মেধা মূল্যায়ন, সর্বোচ্চ উপস্থিতি, প্রাথমিক ও মাধ্যমিক শাখায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী এবং খেলাধুলায় বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি জনাব ছালেহ আহম্মদ (এম.বি.এ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব নুরুল আলম (এম.এস.সি, বি.এড)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব জাফর ইকবাল কাশেম (এম.এ, এম.এড)। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সাংবাদিক জনাব আবদুল গোফরান ভূঁইয়া (এম.এ)। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক সদস্য জনাব জানে আলম বাবুল, জনাব ওয়াজি উল্ল্যাহ খাদেম, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব মাওলানা আবদুল মালেক, জনাব আবুল কাশেম, জনাব নুরুন্নবী সুজন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জনাব আরিফুল ইসলাম মাহফুজ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা ভবিষ্যৎ জীবন গঠনে সহায়ক।
এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য শুধু আনন্দের মুহূর্তই নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নাথেরপেটুয়া মডেল স্কুলের এই ধারাবাহিক অগ্রযাত্রা নিঃসন্দেহে দক্ষিণ কুমিল্লার শিক্ষাক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।









