মনোহরগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২ গ্রামের তুমুল সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
- আপডেট সময় : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৬৭৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর ও সাইকচাইল গ্রামে আজ (মঙ্গলবার) দুপুরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং ভাউপুরের একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাউপুর গ্রামের মির্জা বাড়ির মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে সাইকচাইল গ্রামের এক নারীর পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই দিন আগে স্থানীয়ভাবে একবার সালিশ-বিচারও অনুষ্ঠিত হয়। তবে মঙ্গলবার দুপুরে হঠাৎ করে সাইকচাইল থেকে শতাধিক মানুষ সম্মিলিতভাবে ভাউপুর মির্জা বাড়িতে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে লাঠিসোটা, ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভাউপুর গ্রামের অসংখ্য ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহতদের মধ্যে অনেককে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনী সাইকচাইল গ্রামের আব্দুল মজিদ, মোকসেদ ও সৈকত নামের তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।
মনোহরগঞ্জ থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











