ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কিত শিক্ষার্থীরা: নাথেরপেটুয়ায় দ্রুত মেরামতের দাবি
- আপডেট সময় : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

কুমিল্লার নাথেরপেটুয়া পুরাতন বাজার অঞ্চলে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান,নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন স্কুল-মাদ্রাসায় প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু তাদের প্রতিদিনের এই পথ এখন পরিণত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ যাত্রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাথেরপেটুয়া পুরাতন বাজারমুখী সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে সেতুটির মাঝখানের অংশ ভেঙে গিয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই ভাঙা সেতু পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করছে।
নাথেরপেটুয়া, ধোপামুড়ি, ইন্দ্রি, বরল্লা,মুন্সিরহাট, পরানপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এই পথ ব্যবহার করে। ঝুঁকি জেনেও তারা পড়াশোনার স্বার্থে এই সেতু পার হতে বাধ্য হচ্ছে। স্থানীয় অভিভাবকদের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।
একাধিক শিক্ষার্থী জানায়, সেতুর মাঝখান ভেঙে পড়ায় তারা প্রতিদিন ভয় নিয়ে পারাপার করে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। বিষয়টি নিয়ে বহুবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো মেরামতের কাজ শুরু হয়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত এই সেতুর সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছে। তারা বলছেন, এটি শুধু একটি সেতু নয়, এটি হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটবে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসীর জোর দাবি,অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং একটি টেকসই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হোক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে অপূরণীয় দুর্ঘটনা-এমন আশঙ্কাই এখন এলাকাবাসীর প্রধান উদ্বেগ।









