কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা : একই পরিবারের চারজন নিহত।
- আপডেট সময় : ০৪:০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৭৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লার পদুয়ার বাজারে আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদুয়ার বাজারে নুরজাহান হোটেলের সামনে একটি ইউ-টার্ন দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, অথচ এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আজ দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে আসার সময় ইউ-টার্নের মুখে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি একটি প্রাইভেটকারের ওপর উঠে যায়। প্রাইভেটকারটি কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি চাপা পড়ে পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চার সদস্য নিহত হন।

এখনো নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ এলাকার বাসিন্দা। নিহতদের মরদেহ স্থানীয় থানার হেফাজতে রয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, বহুদিন ধরে এ ইউ-টার্নটিকে “মরণ ফাঁদ” হিসেবে চিহ্নিত করে আসছেন তাঁরা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও এখনো কোনো সমাধান হয়নি।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দায়ীদের বিচারের পাশাপাশি পদুয়ার বাজার ইউ-টার্নকে দ্রুত নিরাপদ করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।










