দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাথেরপেটুয়া জামেয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা আবারও প্রমাণ করেছে তাদের শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা। বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় এ মাদ্রাসার শিক্ষার্থীরা চমকপ্রদ ফলাফল অর্জন করেছে।
চলতি বছরের ইবতেদায়ী পরীক্ষায় মাদ্রাসার দুই কৃতী শিক্ষার্থী সারা বাংলাদেশের মেধা তালিকায় স্থান লাভ করে প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছে। হাফেজ মোঃ শহীদুল্লাহ ৩১তম স্থান এবং মোহাম্মদ আরিফুল ইসলাম ৫৪তম স্থান অর্জন করে দক্ষিণ কুমিল্লার মধ্যে মাদ্রাসাটিকে শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন।
শুধু কেন্দ্রীয় পরীক্ষাতেই নয়, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এ মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কুমিল্লা জেলার দক্ষিণ মনোহরগঞ্জ থানাধীন মিজান জামাত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে মাদ্রাসাটি আরও এক ধাপ এগিয়ে গেছে। পাশাপাশি হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত পরীক্ষায় দুইজন শিক্ষার্থী এ প্লাস পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
মাদ্রাসার মোহতামিম ও নাথেরপেটুয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মুফতি নজরুল ইসলাম "মুক্তশব্দ"কে বলেন, “এ সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শুধু কিতাবি শিক্ষায় নয়, নৈতিকতা ও আদর্শ গঠনে সমান গুরুত্ব দিয়ে থাকি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, “এই মাদ্রাসার এমন ধারাবাহিক সাফল্য আমাদের এলাকাকে গর্বিত করেছে। শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
সার্বিকভাবে বলা যায়, নাথের পেটুয়া জামেয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার এই অভাবনীয় সাফল্য শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং সমগ্র দক্ষিণ কুমিল্লার জন্য এক গর্বের বিষয়।